নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ‘আফিল গ্রুপ’-এর নাম ও লোগো ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। ‘আফিল এ্যাগ্রো লিঃ’ নামে একটি ভুয়া পেজ খুলে মুরগি ও হাঁসের বাচ্চা বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এ ঘটনায় গত সোমবার (১৩ জুলাই ২০২৬) যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতিষ্ঠানটি।
থানায় দায়ের করা অভিযোগের তথ্য অনুযায়ী, প্রতারক চক্রটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে আফিল গ্রুপের নাম ও পরিচয় ব্যবহার করছে। চক্রটি ‘আফিল এ্যাগ্রো লিঃ’ নামে পেজ খুলে হাঁস-মুরগির বাচ্চা বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। ক্রেতাদের আস্থা অর্জনের জন্য তারা আফিল গ্রুপের নাম ব্যবহার করে ভুয়া ক্যাশ মেমো, অনলাইন যোগাযোগ ও বিভিন্ন ভুয়া তথ্য সরবরাহ করছে এবং অর্ডার নিশ্চিত করার নামে ০১৬৩৫-৮৪২৬১৪ নম্বরের একটি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহণ করছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই প্রতারণামূলক কর্মকাণ্ডের ফলে একদিকে যেমন সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে আফিল গ্রুপের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
আফিল গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত ফেসবুক পেজটি তাদের কোনো অফিশিয়াল পেজ নয়। প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ইতোমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতারণায় ব্যবহৃত ফেসবুক পেজের তথ্য, বিকাশ লেনদেনের স্ক্রিনশট, চক্রের সরবরাহ করা ভুয়া ক্যাশ মেমো এবং হোয়াটসঅ্যাপ কথোপকথনের রেকর্ড।
আফিল গ্রুপের পক্ষে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এই অভিযোগটি জমা দেন প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা ফাহিম রহমান।
এ বিষয়ে অভিযোগকারী ও প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা ফাহিম রহমান বলেন, একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে আফিল গ্রুপের সুনাম নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে এই অভিযোগ দেওয়া হয়েছে।