Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ঝরছে বৃষ্টি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১২:৪৭ পিএম
মৌসুমি বায়ু আরও সক্রিয়, ঝরছে বৃষ্টি

কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের নিচতলায় থই থই পানি ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ সাড়ে ১১টা থেকে টানা বৃষ্টির কবলে পড়েছে যশোরে। হালকা ও মাঝারি ধারায় বৃষ্টিপাত হচ্ছে।

আজ সোমবার সকাল থেকেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববারও একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর আরও সক্রিয় হয়ে পড়েছে। এ কারণেই নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। একই সময়ে বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮, রংপুরে ১০ এবং ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ বলেন, আজ দেশের উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এর আগে, গত রোববার রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা চলতি বর্ষা মৌসুমে ঢাকায় এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। একই দিনে দেশের প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়েছে।

 
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)