নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রাজারহাট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে শাকিব (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় যশোর সদর উপজেলার রাজারহাটের যশোর ট্রেনিং মাঠ এলাকার একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিব যশোর সদর উপজেলার রামনগর এলাকার জাবেদের ছেলে। তিনি পেশায় ওয়ার্কশপ শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কবলে পড়ে গুরুতর আহত হন শাকিব। তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।