Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছা স্টেশনে বৃষ্টিতে যাত্রী দুর্ভোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ১০:০২ পিএম
ঝিকরগাছা স্টেশনে বৃষ্টিতে যাত্রী দুর্ভোগ

ঝিকরগাছা রেলওয়ে স্টেশন ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মোংলা থেকে বেনাপোলগামী ‘মোংলা কমিউটার’ ট্রেন পৌঁছানোর পরপরই শুরু হয় টানা ভারি বৃষ্টি। এতে স্টেশনে নামা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এই সুযোগে স্টেশন থেকে বের হওয়ার সময় ইজিবাইক, ভ্যান ও জেএসএ চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, বিকেলের ট্রেনটি ঝিকরগাছা স্টেশনে পৌঁছানোর পরপরই বৃষ্টি শুরু হয়। এ সময় বিপরীতমুখী ট্রেনের ক্রসিংয়ের কারণে ট্রেনটি কিছু সময় স্টেশনে অবস্থান করে। ফলে অনেক যাত্রী স্টেশনের ছাউনি ও অপেক্ষাকক্ষের আশপাশে আশ্রয় নেন। বৃষ্টি থামার অপেক্ষায় কেউ গল্প-আড্ডা দেন, কেউবা পরিবারের সদস্যদের সঙ্গে বসে বৃষ্টি উপভোগ করছিলেন।

বাঁকড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, “আমরা পরিবারসহ খুলনায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। আজ ট্রেনে করে ফিরেছি। স্টেশনে নামার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আটকা পড়েছি। বাইরে ইজিবাইক ঠিক করতে গেলে ভাড়া অনেক বেশি চাওয়া হয়। তাই বাধ্য হয়ে স্টেশনের মধ্যে বৃষ্টি থামার অপেক্ষা করছি।”

রূপদিয়া স্টেশন থেকে আসা ঝিকরগাছার বাসিন্দা সদ্যবিবাহিত আব্দুল্লাহ আল-মামুন বলেন, “শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রেন প্রায় ২০ মিনিট দেরিতে আসে। ঝিকরগাছা স্টেশনে পৌঁছানোর পরই বৃষ্টি শুরু হয়। ক্রসিংয়ের কারণে ট্রেনও কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। আমি ও আমার স্ত্রী বৃষ্টির মধ্যে অপেক্ষা করছি।”

স্টেশনে থাকা কয়েকজন যাত্রী জানান, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলো ভাড়া বাড়িয়ে দেয়। স্বাভাবিক সময়ে যে ভাড়া ২০ থেকে ৩০ টাকা, বৃষ্টির অজুহাতে তা দ্বিগুণ বা তারও বেশি চাওয়া হয়। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হন, আবার কেউ কেউ অপেক্ষা করতে থাকেন বৃষ্টি কমার জন্য। প্রায় এক ঘণ্টার বৃষ্টির পর বিকেল সাড়ে ৫টার দিকে তীব্রতা কমে এলে যাত্রীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

এ বিষয়ে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নিগার সুলতানা বলেন, “হঠাৎ বৃষ্টির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়ার কারণে যাত্রীরা সাময়িকভাবে কিছুটা সমস্যায় পড়েছেন। বাইরে বসার জায়গা না পেয়ে আমার রুমেও কয়েকজন এসে বসেছিলেন। তবে স্টেশনের বাইরে যানবাহনের অতিরিক্ত ভাড়ার বিষয়টি আমার জানা নেই, কারণ এটি স্টেশনের বাইরের ঘটনা।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)