নিজস্ব প্রতিবেদক
যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত শুদ্ধাঙ্গন স্কুলের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত শুদ্ধাঙ্গন স্কুলের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রেল স্টেশনে অবস্থিত স্কুল প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের সুস্বাস্থ্য, পুষ্টি সচেতনতা এবং ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মন্ডল। তিনি শিক্ষার্থীদের ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং দৈনন্দিন জীবনে ফল খাওয়ার গুরুত্ব সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, “অনেক সুবিধাবঞ্চিত শিশু নিয়মিত ভালো মানের ফল খাওয়ার সুযোগ পায় না। সেই বিষয়টি বিবেচনায় রেখে শিশুদের জন্য এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে, যাতে তারা বিভিন্ন ধরনের ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি এর পুষ্টিগুণ সম্পর্কেও জানতে পারে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আবদুর রাজ্জাক এবং জেলা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সমাজসেবক অভিজিৎ দাস। অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের সুস্থ বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং শুদ্ধাঙ্গন স্কুলের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
ফল উৎসবে শিক্ষার্থীদের মাঝে প্রায় নয় ধরনের পুষ্টিকর ও মৌসুমি ফল পরিবেশন করা হয়। ফল গ্রহণের পাশাপাশি শিশুদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়, যা তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহাগ চন্দ্র দাস। এ সময় শুদ্ধাঙ্গন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।