নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ যুবলীগের মিছিল তেকে আটক কয়েকজন ছবি: ধ্রুব নিউজ
যশোরের শহরের ধর্মতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে পুনরায় একটি ঝটিকা মিছিল হয়েছে। রোববার বিকেলে ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে ধর্মতলা এলাকায় এই মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে। বর্তমানে পুলিশ তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এর আগে, সন্ধ্যার ঠিক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঝটিকা মিছিলের ছবি ছড়িয়ে পড়ে। মিছিলে ব্যবহৃত ব্যানারে সার্বিক ব্যবস্থাপনায় ‘হাজী আলমগীর কবীর সুমন’ নামটি লেখা ছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটককৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগেও যশোর শহরের ঢাকা রোড বাবলাতলা, গরীবশাহ মাজার এলাকা এবং পোস্ট অফিস পাড়ায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের পক্ষে যুবলীগের ব্যানারে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করা হয়। সেসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বেও বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।