ধ্রুব ডেস্ক
দক্ষিণ স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ সতর্ক করেছে, রাতের মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৩০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, কর্দোবা শহরের কাছে আদামুজ শহরের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ঢুকে পড়ে। পরে সেটি মাদ্রিদ থেকে হুয়েলভাগামী অপর একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই দুর্ঘটনায় কমপক্ষে ৭৩ জন আহত হয়েছেন। মন্ত্রী পুয়েন্তে বলেন, ঘটনাটি অত্যন্ত অদ্ভুত বলে মনে হচ্ছে। কারণ ট্রেনটি সোজা রেলপথের ওপর লাইনচ্যুত হয়েছে। এ অংশটি গত বছর মে মাসেই সংস্কার করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষ হতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দেশটি ‘গভীর বেদনার এক রাত’ পার করছে। মালাগা থেকে যাত্রা করা ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি সংস্থা ইরিও। সংস্থাটি জানিয়েছে, লাইনচ্যুত হওয়া ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। অপর ট্রেনটি পরিচালনা করছিল রাষ্ট্রীয় সংস্থা রেনফে। তাতে প্রায় ১০০ যাত্রী ছিলেন। আদামুজের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাস্থলে প্রথম পৌঁছানো ব্যক্তিদের একজন। তিনি এ ঘটনাকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেন। আন্দালুসিয়ার জরুরি সংস্থা এক্সে দেয়া পোস্টে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার খবর জানাতে অনুরোধ করেছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ট্রেনের দুমড়েমুচড়ে যাওয়া অংশের কারণে জীবিতদের এবং মৃতদেহ উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কর্দোবার ফায়ার সার্ভিস প্রধান ফ্রান্সিসকো কারমোনা স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই’কে বলেন, কখনো কখনো জীবিত কাউকে উদ্ধার করতে আমাদের আগে একজন মৃত ব্যক্তিকে সরাতে হয়েছে। এটি অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ।
আদিফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছাড়ার প্রায় দশ মিনিট পর দুর্ঘটনাটি ঘটে। সংস্থাটি জানিয়েছে, নিহত ও আহতদের স্বজনদের জন্য মাদ্রিদ আতোচা, সেভিয়া, কর্দোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব রেল যোগাযোগ স্থগিত করা হয়েছে এবং সোমবার পর্যন্ত তা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য স্টেশনগুলো সারা রাত খোলা রাখা হবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রেনটি ছিল ফ্রেচ্চা ১০০০ মডেলের। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) গতিতে চলতে সক্ষম। এ তথ্য নিশ্চিত করেছে ইতালীয় রেল কোম্পানি ফেরোভি দেল্লো স্তাতো।
স্প্যানিশ রেডক্রস ঘটনাস্থলে জরুরি সহায়তা দল পাঠিয়েছে এবং আশপাশের পরিবারগুলোর জন্য কাউন্সেলিং সেবাও চালু করেছে। রেডক্রস কর্মকর্তা মিগেল আঙ্গেল রদ্রিগেজ বলেন, তথ্যের অভাবে পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে রয়েছে। এগুলো অত্যন্ত কষ্টের মুহূর্ত। আরটিভিই’র সাংবাদিক সালভাদোর হিমেনেজ একটি ট্রেনে ছিলেন। তিনি জানান সংঘর্ষের ধাক্কা ভূমিকম্পের মতো অনুভূত হয়েছে। তিনি বলেন, আমি প্রথম বগিতে ছিলাম। এক মুহূর্ত মনে হলো ভূমিকম্প হচ্ছে। আসলে ট্রেন লাইনচ্যুত হয়েছিল।
স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ ও রানি লেতিজিয়া জানিয়েছেন, তারা গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রাজপ্রাসাদ এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েনও শোকবার্তা পাঠিয়েছেন। ম্যাক্রন লিখেছেন, আমার চিন্তা নিহতদের পরিবার ও সমগ্র স্পেনের জনগণের সঙ্গে রয়েছে। ফ্রান্স আপনাদের পাশে আছে।