Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বন্ধ হচ্ছে নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৪:৩৩ পিএম
বন্ধ হচ্ছে নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার

নিউ ইয়র্কের রাইকার্স কারাগার কমপ্লেক্স ছবি: রয়টার্স

নিউ ইয়র্কের দীর্ঘদিনের বিতর্কিত ও জরাজীর্ণ রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স স্থায়ীভাবে বন্ধ করার নতুন সময়সীমা ও পরিকল্পনা প্রকাশ করেছেন মেয়র জোহরান মামদানি। শুক্রবার প্রকাশিত এক বিস্তারিত প্রতিবেদনে জানানো হয়, ২০৩২ সালের মধ্যে এই কারাগার পুরোপুরি বন্ধ করে দেওয়াই প্রশাসনের লক্ষ্য। এর পাশাপাশি শহরের বিভিন্ন অঞ্চলে চারটি আধুনিক কারাগার স্থাপন এবং কারাবন্দির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কারাগারটি বন্ধ করার মূল উদ্যোগ শুরু হয়েছিল ২০১৯ সালে, যখন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল প্রথমবারের মতো এটি গুটিয়ে নেওয়ার পক্ষে ভোট দেয়। প্রচলিত আইন অনুযায়ী ২০২৭ সালের মধ্যে রাইকার্স বন্ধ করার কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে গেছে। মেয়র মামদানি এই বিলম্বের পেছনে কোভিড মহামারী এবং সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের ধীরগতির কথা উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ক্রমেই ভেঙে পড়া অবকাঠামো ও সংকটের কারণে রাইকার্স বন্ধ করা এখন কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি নৈতিক বাধ্যবাধকতা।

প্রায় ৪১৩ একর আয়তনের রাইকার্স দ্বীপটি কুইন্স ও ব্রঙ্কসের মাঝখানে অবস্থিত। বর্তমানে এখানে সাড়ে ৬ হাজারেরও বেশি বন্দি রয়েছেন। অতীতে টুপাক শাকুর, র‌্যাপার ডিএমএক্স (আর্ল সিমন্স) এবং হার্ভে ওয়াইনস্টিনের মতো আলোচিত ব্যক্তিদের বিচারের অপেক্ষায় এখানে রাখা হয়েছিল। তবে বছরের পর বছর ধরে চরম অব্যবস্থাপনা, কারারক্ষীর ঘাটতি এবং বন্দি মৃত্যুর কারণে এটি ‘গ্ল্যাডিয়েটর স্কুল’ বা ‘নির্যাতনের দ্বীপ’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। চলতি বছরেই এই কারাগারে নয়জন বন্দির মৃত্যু হয়েছে। পূর্ববর্তী প্রশাসনের আমলে গত বছর এক ফেডারেল বিচারক রাইকার্সের নিয়ন্ত্রণ নগর কর্তৃপক্ষের হাত থেকে নিয়ে একজন স্বাধীন কর্মকর্তার হাতে তুলে দেন।

নতুন রোডম্যাপ অনুযায়ী, রাইকার্সের বিকল্প হিসেবে শহরের চারটি এলাকায় নতুন কারাগার নির্মিত হবে। এর মধ্যে ২০২৯ সালে ব্রুকলিনে একটি, ২০৩১ সালে ব্রঙ্কস ও কুইন্সে দুটি এবং সর্বশেষ ২০৩২ সালে ম্যানহাটনে একটি কারাগার চালুর পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে সিটি কাউন্সিলের অনুমোদন লাগবে, যদিও কাউন্সিলের স্পিকারসহ বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে এতে সাড়া দিয়েছেন।

নতুন স্থাপনাগুলোতে বন্দিদের জন্য পর্যাপ্ত প্রাকৃতিক আলো, বিশুদ্ধ বাতাস ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে মেয়রের কার্যালয়। পাশাপাশি শহরের বিচ্ছিন্ন প্রান্তে অবস্থিত রাইকার্সে যাতায়াতের দীর্ঘ ভোগান্তি কমে আসায় বন্দিদের স্বজনদের জন্য সাক্ষাৎ করাও সহজ হবে।

বন্দি কমানোর লক্ষ্য নিয়ে অবশ্য কারারক্ষীদের সংগঠন ‘নিউ ইয়র্ক সিটি কারেকশন অফিসার্স বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন’ তীব্র আপত্তি তুলেছে। তাদের মতে, বন্দির সংখ্যা ৬ হাজার ৫০০ থেকে কমিয়ে ৪ হাজার ১০০-তে নামিয়ে আনার এই পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং এতে নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

তবে এই সমালোচনা উড়িয়ে দিয়ে ‘ক্লোজ রাইকার্স জার’ ডানা কাপলান জানিয়েছেন, বন্দি কমানোর লক্ষ্য পুরোপুরি অর্জনযোগ্য। তার মতে, এটি কেবল একটি পুরোনো কারাগার বন্ধ করার বিষয় নয়, বরং আরও মানবিক ও কার্যকর সংশোধনাগার ব্যবস্থা গড়ে তোলার এক ঐতিহাসিক সুযোগ।

বিচারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের কারাগারে না রেখে বিকল্প কর্মসূচির আওতায় আনাও এই পরিকল্পনার অংশ। এ ছাড়া কারাগারের ভেতরে ও বাইরে মানসিক স্বাস্থ্যসেবা, মাদক নিরাময় এবং শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ খাতে ১৪ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দের রূপরেখা দিয়েছেন মেয়র মামদানি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)