আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট ছবি: সংগৃহীত
ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তনের হাওয়া বইছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতাসীন জোটের ভরাডুবির পর বিরোধীরা যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, তখন রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে আসন হারানো এবং নতুন পার্লামেন্টের বিরোধীদের শক্ত অবস্থানের মুখে পড়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন গভীর সংকটে।
নির্বাচনী প্রচারের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও ব্যক্তিগত আক্রমণকে পেছনে ফেলে সম্প্রতি জাতীয় ঐক্যের সুর চড়াতে দেখা গেছে নেতানিয়াহুকে। ইসরায়েলের ২৬তম নেসেটের (পার্লামেন্ট) শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে জোরালো দাবি জানান এবং বিরোধীদের বিরুদ্ধে নানা সতর্কবার্তা দেন। তবে তার এই বক্তব্যকে ‘বিদ্বেষপূর্ণ’ ও বিভাজনমূলক আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। এর জেরে নেতানিয়াহুর দল লিকুদের সঙ্গে পূর্বনির্ধারিত একটি সংলাপ বাতিল করেছেন আইজেনকোট।
এর আগে গত শনিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন জুটিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন। ক্ষমতা গ্রহণের দৌড়ে থাকা আইজেনকোট বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘সময়ের দাবি’ হিসেবে উল্লেখ করে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর ঐক্যের এই আহ্বানের মূল লক্ষ্য হলো যেকোনো উপায়ে ক্ষমতার কাছাকাছি বা টিকে থাকার পথ খুঁজে নেওয়া।
নতুন সংসদের উদ্বোধনী কার্যদিবসেই বড় ধাক্কা খেয়েছে নেতানিয়াহু শিবির। আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লক সংসদীয় অধিবেশন শুরু হওয়ার পরপরই নেতানিয়াহু সরকারের পাস করা অত্যন্ত বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিল এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার বিষয়ে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেছে।
‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন নেসেটের প্রথম দিনেই আইজেনকোটের ইয়াশার দল এবং ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ পার্টির যৌথ এই উদ্যোগ বর্তমান সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধীদের এই আক্রমণাত্মক কৌশল নেতানিয়াহুর রাজনৈতিক অধঃপতনকে আরও ত্বরান্বিত করতে পারে।