ধ্রুব নিউজ ডেস্ক
পুরস্কার ও ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাস হাতে এম জন হ্যারিসন ছবি: সংগৃহীত
সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ বুকার পুরস্কারের ৫৭ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি বিজয়ী হিসেবে নাম লেখালেন ব্রিটিশ কথাসাহিত্যিক এম জন হ্যারিসন। চলতি বছর তাঁর ত্রয়োদশ উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ এই সম্মাননা অর্জন করেছে। বিচারকমণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তে বিজয়ী হ্যারিসন পুরস্কারের অর্থমূল্য হিসেবে পেয়েছেন ৫০ হাজার পাউন্ড। লন্ডনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গত বছরের বিজয়ী ডেভিড স্যালাই তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।
ভবিষ্যতের এক বিপর্যস্ত ব্রিটেনকে কেন্দ্র করে গড়ে উঠেছে উপন্যাসটির পটভূমি। কাহিনিতে দেখা যায়, সরকারব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বহির্বিশ্বের সঙ্গে দেশটির যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ঠিক কী ধরনের বিপর্যয় ঘটেছে, তা স্পষ্ট করা হয়নি। এর জন্য দায়ী করা হয়েছে ‘আইগেটি’ নামের এক ভিনগ্রহী শক্তিকে, যারা মহাকাশ থেকে এসে বিশ্বের প্রধান আর্থিক কেন্দ্রগুলোতে নিজেদের অবস্থান শক্ত করেছে। বিচারকমণ্ডলীর প্রধান মেরি বিয়ার্ড উপন্যাসটিকে মূল্যায়ন করেছেন ‘ভবিষ্যতের চোখ দিয়ে দেখা বর্তমান সময়ের রাজনীতি’ হিসেবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এটি লেখকের দীর্ঘ সাহিত্যজীবনের কোনো আজীবন সম্মাননা নয়, বরং এই নির্দিষ্ট বইটির জন্যই তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
উপন্যাসের মূল গল্পে দেখা যায়, ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলের এক অস্থির জনপদে ঘুরে বেড়ান ফিলিপ টেনেন্ট ও তাঁর ৭০ বছর বয়সি শিল্পী খালা মার্নি। সমুদ্র সৈকত থেকে ফিলিপ এমন একটি প্রাণী উদ্ধার করে, যা দ্রুত শিশু থেকে পূর্ণবয়স্ক মানুষের রূপ নেয়। অবাক করা বিষয় হলো, প্রাণীটির পোশাকের রুচি, গাড়ি চালানোর দক্ষতা এবং পরিবেশ পর্যবেক্ষণের মতো উন্নত ভাষাজ্ঞানও রয়েছে। সভ্যতা ধসে পড়ার পর মানুষের বেঁচে থাকার সংগ্রামের এই চিত্রে সহিংসতার পাশাপাশি ফুটে উঠেছে দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাও। মহাদেশীয় ইউরোপ যেন মানচিত্র থেকে হারিয়ে গেছে; দ্বীপ ছেড়ে পালাতে প্রতিদিন উপকূলে ভিড় জমান মানুষ, যদিও পালানোর কোনো বাস্তব উপায় বা গন্তব্য অবশিষ্ট আছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশিষ্ট সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর এক সমালোচক উপন্যাসটির সঙ্গে বাস্তব জীবনের ব্রেক্সিটের এক ধরনের প্রতীকী মিলও খুঁজে পেয়েছেন।
গল্পের অন্ধকার ও হতাশার মাঝেও রয়েছে সূক্ষ্ম রসবোধ এবং আশাবাদের মৃদু আলো। উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ দিক হলো মার্নির ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ। এই অসুস্থতার মধ্যেও তাঁর নিজস্ব চিন্তাজগত, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং টিকে থাকার তীব্র ইচ্ছাকে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। বুকার পুরস্কার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড জানান, হ্যারিসনই প্রথম বুকারজয়ী লেখক যিনি সরাসরি সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কল্পকাহিনির জগত থেকে উঠে এসেছেন। উপন্যাসের প্রচলিত কাঠামো ভাঙার ক্ষেত্রে তাঁর অনন্য মুন্সিয়ানার প্রশংসা করেন তিনি।
এবারের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আগের দুই বিজয়ী ডগলাস স্টুয়ার্ট ও মারলন জেমসসহ মোট ছয়জন লেখক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হ্যারিসনের এই জয় স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’-এর জন্য এক ঐতিহাসিক প্রথম অর্জন।