ধ্রুব নিউজ
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ছবি: এএফপি
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের কড়া হুমকি পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল।
সম্প্রতি মার্কিন প্রশাসন এবং বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের গুপ্তহত্যার ষড়যন্ত্র আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত মাসেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্তা সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে তেহরানের পরিচালিত হত্যাকাণ্ডের পরিকল্পনাটি চূড়ান্ত বা ‘উন্নত পর্যায়ে’ রয়েছে।
তবে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ওপর এই হুমকির মাত্রা ঠিক কতটা গুরুতর—তা এখনো স্পষ্ট করে জানায়নি নিউইয়র্ক টাইমস। সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়ার বিষযে জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে, বিদেশের মাটিতে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে কোনো ধরনের হামলা বা ষড়যন্ত্রের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে ইরান। মার্কিন গোয়েন্দাদের বড় একটি অংশের ধারণা, যুক্তরাষ্ট্রে সরাসরি বড় আকারের হামলা বা কোনো অভিযান চালানোর মতো শক্তি ও সক্ষমতা বর্তমানে ইরানের খুবই সীমিত।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টিতে মূল ভূমিকা পালন করে আসছেন অর্থমন্ত্রী বেসেন্ট। আর সে কারণেই তিনি ইরানি গোয়েন্দা সংস্থার মূল নিশানা হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছে।