ধ্রুব নিউজ ডেস্ক
এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এর সাথে এলিস হুয়াং ছবি: সংগৃহীত
তাইওয়ানের রাজধানী তাইপের একটি নৈশভোজ। সেখানে প্রযুক্তি ও ব্যবসাজগতের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন গোলাপি পোশাক পরা এক নারী, অ্যালিস হুয়াং। একপর্যায়ে তাঁকে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের গালে চুমু খেতে দেখা যায়। পরে দুজনকে একই গাড়িতে অনুষ্ঠানস্থল ত্যাগ করতেও দেখা যায়। ২০২৫ সালের মে মাসের সেই ঘটনাই সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। কারণ, অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। একই সময়ে জেনসেন হুয়াংও দাম্পত্য সম্পর্কে অবিশ্বস্ততার বিষয়টি স্বীকার করেছেন।
প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, আন্তর্জাতিক চিপ ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ব্যক্তিগত পরিচয় ঘিরে নানা প্রশ্ন, সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অ্যালিস হুয়াং। বিশেষ করে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক এবং চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি করেছে।
অ্যালিস হুয়াংয়ের আরেক নাম হুয়াং লে। তিনি চীনা নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের সাবেক শীর্ষ কর্মকর্তা। নামের মিল থাকলেও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর কোনো পারিবারিক সম্পর্ক নেই। ইংরেজিতে সাবলীল অ্যালিসের যোগাযোগ রয়েছে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে।
পেশাগত জীবনে সাংবাদিকতা থেকে শুরু করে ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থাপনা, বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। চীনের একটি বিনিয়োগবিষয়ক তথ্যভান্ডারে প্রকাশিত জীবনবৃত্তান্ত অনুযায়ী, কর্মজীবনের শুরুতে তিনি হুনান টেলিভিশন এবং চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে যুক্ত হন এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগে। এরপর কাজ করেন সিআইটিআইসি সিকিউরিটিজে। সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে নির্বাহী পরিচালক ও তহবিল ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালনের তথ্য পাওয়া যায় তাঁর পেশাগত পরিচিতিতে।
করপোরেট নথির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ২০২৩ সালের মার্চে মেগাস্পিড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন অ্যালিস। সে সময় প্রতিষ্ঠানটির নাম ছিল সেভেনরোড ইন্টারন্যাশনাল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে মেগাস্পিড রাখা হয়। তবে ওই বছরের নভেম্বরেই পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
প্রতিষ্ঠানটির সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্কও বেশ বড়। গত দুই বছরে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে বলে জানা গেছে। ফলে অ্যালিসের পেশাগত অবস্থান এবং প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ নতুন করে গুরুত্ব পাচ্ছে।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের পরিচয় কিংবা ঘনিষ্ঠতার সূত্রপাত ঠিক কবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ২০২৪ সালের জুনে তাইপেতে আয়োজিত একটি প্রযুক্তিবিষয়ক আড্ডায় তাঁদের পাশাপাশি দেখা গিয়েছিল। এর প্রায় এক বছর পর, ২০২৫ সালের মে মাসে জেনসেনের আয়োজিত একটি নৈশভোজেও উপস্থিত ছিলেন অ্যালিস। ওই অনুষ্ঠানের ছবিতে দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত সামনে আসার পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
এদিকে অ্যালিসের বিরুদ্ধে চীনের হয়ে গোয়েন্দা তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ সামনে এসেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের মাধ্যমে। গত ২৯ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, অ্যালিসের বিরুদ্ধে বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহের অভিযোগ তদন্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাঁকে জেনসেন হুয়াং সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োগ করেছিল।
তবে এসব অভিযোগের বিষয়ে অ্যালিসের পক্ষ থেকে কোনো বক্তব্য বা অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে বিষয়টি এখনো তদন্ত ও গোয়েন্দা মূল্যায়নের পর্যায়েই রয়েছে।
অন্যদিকে, অ্যালিসকে ঘিরে বিতর্কের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় এসেছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। গতকাল প্রতিষ্ঠানটির কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি দাম্পত্য সম্পর্কে অবিশ্বস্ততার বিষয়টি স্বীকার করেন। নিজের আচরণের কারণে স্ত্রী ও সন্তানদের মানসিকভাবে আঘাত করার কথা উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন।
বার্তায় জেনসেন বলেন, ‘আমার কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। এর কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’ নিজের আচরণের সম্পূর্ণ দায় স্বীকার করে তিনি এ বিষয়ে চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন। তবে কর্মীদের কাছে পাঠানো ওই বার্তায় অ্যালিস হুয়াংয়ের নাম সরাসরি উল্লেখ করেননি তিনি।
এদিকে, বিদেশি গোয়েন্দা সংস্থার তৎপরতার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার অভিযোগ সামনে আসার পর বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে এনভিডিয়াও।
সব মিলিয়ে অ্যালিস হুয়াংকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ, এনভিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিপুল ব্যবসায়িক লেনদেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জল্পনা এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, সবকিছু মিলিয়ে ঘটনাটি এখন আন্তর্জাতিক প্রযুক্তি ও ব্যবসায়িক অঙ্গনের আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। তবে অভিযোগগুলোর প্রকৃত সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে চূড়ান্ত চিত্র পেতে তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।
সূত্র: বণিকবার্তা