ধ্রুব নিউজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ ছবি: ভিডিও থেকে নেওয়া
দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যা চালিয়ে জার্মানি থেকে পালিয়ে যাওয়া হিটলারের নাৎসি বাহিনী যেমন আর কখনো সেই দেশে ফিরতে পারেনি, তেমনই জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বাংলাদেশে আর কোনো দিন ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পতিত ফ্যাসিবাদী শক্তিকে পুরোপুরি রুখতে এবং তাদের যেকোনো ধরনের ষড়যন্ত্র বা কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা নস্যাৎ করতে ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিবৃতিতে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের একই সময়ের অপরাধের তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, বিগত নয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ইতিবাচক ধারা বজায় রাখতে এবং আরও এগিয়ে নিতে তিনি বিরোধী দলসহ দেশের সকল রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে নানা ধরনের কর্মসূচি ও প্ররোচনা দেওয়া হতে পারে। কখনো বিক্ষোভ, কখনো হরতাল, আবার কখনো ভিন্ন ভিন্ন নামে এসব কর্মসূচি দেওয়ার একটাই উদ্দেশ্য—দেশে অস্থিরতা সৃষ্টি করা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলাকালে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন করতে এখনো সেই ঐক্য সমানভাবে প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরে থাকা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখবে, যাতে এই মাটিতে আর কোনো দিন স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিতে না পারে।
বিরোধী দল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে—এমন ইঙ্গিত দিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি ঘোষণা করেছিলেন যে, যারা রাজনৈতিকভাবে তাঁর ওপর নির্যাতন চালিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করবেন না। তবে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের মানুষের ওপর চালানো নির্যাতন ও জুলুমের বিষয়ে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়া এককভাবে তাদের ক্ষমা করে দেওয়া মোটেই যৌক্তিক বা গ্রহণযোগ্য নয়। বিরোধীদলীয় নেতার 'সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার' বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এবং জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের যেসব উসকানির তথ্য রয়েছে, তা ইতোমধ্যে দেশের জনগণ জেনে গেছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার জন্য সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়ার মতো ঘটনা প্রমাণ করে যে অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। বর্তমানেও সীমান্তের ওপার থেকে অডিও কলের মাধ্যমে পলাতক ফ্যাসিস্ট নেত্রী তাঁর কর্মীদের জুলাই আন্দোলনের আন্দোলনকারীদের তালিকা করা ও ঘরবাড়ি ভাঙচুরের নির্দেশ দিচ্ছেন এবং চরম শিক্ষা দেওয়ার হুমকি দিচ্ছেন। তবে মহান সৃষ্টিকর্তা তাঁদের সেই সুযোগ আর কখনোই দেবেন না উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর পালিয়ে যাওয়ার সঙ্গেই আওয়ামী লীগের পলায়নের মিল পাওয়া যায়।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সরকার আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত হতে দেবে না। তবে পরিস্থিতির প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার কোনো দ্বিধা করবে না। আইনশৃঙ্খলা বাহিনী উদারতা দেখালেও পতিত ফ্যাসিবাদী শক্তি তার অপব্যবহারের চেষ্টা করছে। বর্তমান সরকারের আমলে গুম, ক্রসফায়ার বা রিমান্ডের নামে নিষ্ঠুর নির্যাতন হবে না—এই সুযোগ নিয়ে নাশকতার চেষ্টা করা হলে মানবাধিকারের সীমারেখার মধ্যেই তাদের সব চক্রান্ত ব্যর্থ করে দেওয়া হবে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আক্রান্ত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, আত্মরক্ষার অধিকার বা 'রাইট অব প্রাইভেট ডিফেন্স'-এর আলোকেই বাহিনীর সদস্যদের আইনানুযায়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, মজুরি বোর্ড গঠনের পরও শ্রমজীবী মানুষকে উসকানি দিয়ে আন্দোলনে নামাতে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা সীমান্তের ওপার থেকে প্রচুর অর্থ বিনিয়োগ করছে। সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের ব্যানারে এসব উসকানিমূলক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ভিডিও প্রমাণও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া দেশে মাদক নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের অবৈধভাবে দেশে প্রবেশ ও সভা করার বিষয়ে বিজিবির সমন্বয়ে তদন্ত চলছে, যেখানে ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।