ধ্রুব নিউজ ডেস্ক
ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন রোগী।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন করে প্রাণ হারানো ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ থেকে সুরক্ষিত থাকতে সাধারণ মানুষকে নিজ নিজ বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।