ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশজুড়ে মোট ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য নথিভুক্ত করেনি স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাব প্রকাশ করে স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত হাম এবং এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ১৯০ শিশু।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের বিভাগওয়ারি পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ময়মনসিংহে দুজন এবং ঢাকা বিভাগে দুজন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে মারা গেছে একজন করে শিশু।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৭২৩ জনে। পাশাপাশি, এই সময়ে নতুন করে ১ হাজার ৩৫১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনে।