নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শাসহ আশপাশের এলাকায় আজ শুক্রবার (২০ মার্চ) রমজানের শেষ বিকেলে শিলাবৃষ্টি হয়েছে। সাথে ছিল তীব্র মেঘের গর্জন।
আজ বিকেলে আকাশ হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে এবং ৫টার পর শুরু হয় ঝোড়ো হাওয়া। শার্শা উপজেলার নাভারণ, বাগআঁচড়া এবং বেনাপোল সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। প্রায় ১৫-২০ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে রাস্তার পাশে সাদা সাদা বরফের আস্তরণ জমে যায়।
শার্শা ও ঝিকরগাছা অঞ্চল আমের জন্য বিখ্যাত। স্থানীয় চাষিরা জানিয়েছেন, শিলার আঘাতে থোকায় থোকায় থাকা কচি আম ও লিচুর গুটি ঝরে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আজ বিকেলে জানিয়েছে, লঘুচাপের প্রভাবে শার্শা ও সংলগ্ন সীমান্ত এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। বর্তমানে আকাশ মেঘলা রয়েছে এবং রাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।