নিজস্ব প্রতিবেদক
বর্ষার অকৃপণ বৃষ্টিতে সিক্ত যশোর। এমন এক বৃষ্টির দিনে ক্যান্টনমেন্ট কলেজ যশোরের ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত হলো ‘বর্ষাকালীন ফল উৎসব-২০২৬’। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১:৩০টায় আয়োজিত এই উৎসব ছিল দেশীয় ও মৌসুমি ফলের এক বর্ণিল সমাহার।
বিভাগের সেমিনার কক্ষে সাজানো ২৬ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। কাঁঠাল, আম, জাম, লটকনসহ হরেক রকমের ফলে আয়োজক বিভাগের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ফুটিয়ে তোলেন। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট কলেজ যশোরের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আক্তার হোসেন। ফলের বৈচিত্র্যময় সমাহার দেখে তিনি শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এমন ব্যতিক্রমী ও শিক্ষণীয় আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এই উৎসব কেবল ফলের পরিচিতি নয়, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইয়েদা রেশমা পারভীন। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আক্তার হোসেন পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের গুরুত্বসহকারে বৃক্ষরোপণের আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ ভবিষ্যৎ ও সবুজায়ন নিশ্চিত করতে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে এই উৎসবটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে সফলভাবে সম্পন্ন হয়।