নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে আজ সোমবার ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে আর অনুপস্থিত ছিল ৩৩ হাজার ১২৯ জন। আজ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এ দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসির ইংরেজি প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের বাংলা প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৫ হাজার
তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১ হাজার ৬২০টি কেন্দ্রে। এগুলোর মধ্যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১০, রাজশাহী বোর্ডে তিন, কুমিল্লা বোর্ডে আট, যশোর বোর্ডে তিন, সিলেট বোর্ডে এক, বরিশাল বোর্ডে চার, দিনাজপুর বোর্ডে সাত ও ময়মনসিংহ বোর্ডে সাতজন পরীক্ষার্থী রয়েছে।
৯টি সাধারণ বোর্ডের এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ৯৭ হাজার ২১ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেয় ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। অনুপস্থিত ছিল ২৫ হাজার ৩৪ জন।
আলিমের বাংলা প্রথম পত্রে বহিষ্কার ২
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় দুজন পরীক্ষার্থীর বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তথ্য বলছে, আলিমের ৪৬০টি কেন্দ্রে ৮৩ হাজার ৩৩৩ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ৭৮ হাজার ১৮১ জন। ৫ হাজার ১৫২ জন অনুপস্থিত ছিল।
ভোকেশনাল-বিএমটি-ডিপ্লোমা ইন কমার্সের তৃতীয় দিনে বহিষ্কার ৩
এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার তৃতীয় দিনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষায় তিনজন পরীক্ষার্থী বহিষ্কার ও ২ হাজার ৯৪৩ জন অনুপস্থিত ছিল।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ দিন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ৮৩ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছে ৮০ হাজার ৮৩৩ জন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী।
এদিকে, যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত থাকার ঘটনা ঘটেছে। ১০ জেলার ২৪০টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৩ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ৩য় দিনে আবশ্যিক ইংরেজি ১ম পত্র (বিষয় কোড-১০৭) পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বোর্ড কর্তৃপক্ষ এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এদিন মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১২ হাজার ১৭৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৮ হাজার ৬০৭ জন। অনুপস্থিত ৩ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর গড় হার ৩ দশমিক ১৮ শতাংশ, যা চলতি বছরের পরীক্ষায় এখন পর্যন্ত সর্বোচ্চ অনুপস্থিতি।
পরিসংখ্যান অনুযায়ী, জেলাভিত্তিক পরীক্ষার্থী অনুপস্থিতির হার সবচেয়ে বেশি ঝিনাইদহে। এই জেলায় ৫ দশমিক ৩৮ শতাংশ হারে মোট ৭৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে সবচেয়ে কম অনুপস্থিতির হার যশোর জেলায়, ২ দশমিক ৪০ শতাংশ; যেখানে মোট অনুপস্থিত ছিল ৪৫২ জন।
অনুপস্থিতির এই রেকর্ড চিত্রের পাশাপাশি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে ১ জন করে মোট ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলো— সাতক্ষীরার দেবহাটা-২৫৯ কেন্দ্রের রোল নম্বর ৬৭০০১৬, যশোর-৩০২ কেন্দ্রের রোল নম্বর ৬১৭০৬২ এবং ঝিনাইদহ-৩৯৪ কেন্দ্রের রোল নম্বর ৬২৪৯১৩।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।