কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভায় সভাপতি সাবেক মেয়র এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডলসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক মেয়র এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডলসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. ইসাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোটচাঁদপুর পৌর শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল, নবনির্বাচিত অভিভাবক সদস্য ও পৌর কাউন্সিলর মো. খাইরুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রফিক মন্ডলকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ফুলেল শুভেচ্ছা ও বরণ শেষে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক শৃঙ্খলায় তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন এবং বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য বজায় রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবিরসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আশা প্রকাশ করে বলেন, একজন যোগ্য ও অভিজ্ঞ জনপ্রতিষ্ঠানের নেতৃত্বে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সামগ্রিক অবকাঠামোগত মান আরও উন্নত হবে।