নিজস্ব প্রতিবেদক
যশোর শহরকে যানজটমুক্ত ও নিরাপদ করতে দড়াটানা এলাকায় বহুমুখী আধুনিক সেতু নির্মাণের দাবিতে মিডিয়া ক্যাম্পেইন করেছে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ, যশোর’। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরকে যানজটমুক্ত ও নিরাপদ করতে দড়াটানা এলাকায় বহুমুখী আধুনিক সেতু নির্মাণের দাবিতে মিডিয়া ক্যাম্পেইন করেছে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ, যশোর’। আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় ঘোপ নওয়াপাড়া রোডস্থ আইইডি কেন্দ্র কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিডিয়া ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ। লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের সদস্য ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, যশোর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রিকশা, মোটরসাইকেল ও থ্রি-হুইলার চলাচল করায় শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, অফিসগামী সাধারণ মানুষ ও রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। একই সঙ্গে অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে।
তারা আরও বলেন, শহরের যানজটের অন্যতম প্রধান কেন্দ্র দড়াটানা এলাকা। বিভিন্ন সময়ে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তার কোনো কার্যকর সমাধান হয়নি। বর্তমানে গাড়িখানা রোড ও মুজিব সড়ক থেকে যানবাহন ঘুরিয়ে গরীব শাহ মাজার হয়ে দড়াটানা পারাপারের ব্যবস্থা করা হলেও জনসাধারণের ভোগান্তি কমার চেয়ে উল্টো আরও বেড়েছে।
মিডিয়া ক্যাম্পেইন থেকে দড়াটানা সেতুর উত্তর প্রান্তের তিনটি এবং দক্ষিণ প্রান্তের চারটি সড়কের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে একটি আধুনিক ও বহুমুখী সেতু নির্মাণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিআইডব্লিউটিএ’র নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় উচ্চতা বজায় রেখে বহুতল বা একাধিক ফ্লাইওভারসমৃদ্ধ নান্দনিক সেতু নির্মাণ করা গেলে শহরের যানজট অনেকাংশে কমে আসবে।
এছাড়া ট্রাফিক চাপ সামলাতে গরীব শাহ এলাকা এবং কাঠের পুলের পাশেও বিকল্প সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। এতে শহরের পশ্চিমাংশ থেকে ভৈরব নদের উত্তর দিকে যাতায়াত সহজ হবে এবং দড়াটানা মোড়ের ওপর থেকে অতিরিক্ত চাপ কমবে বলে মত দেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের প্রতিনিধিরা।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সেতু নির্মাণের মাধ্যমে যানজট নিরসনের পাশাপাশি ভৈরব নদের প্রবাহ স্বাভাবিক রাখা এবং যশোর শহরের সৌন্দর্য বৃদ্ধি সম্ভব হবে। এ বিষয়ে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনউদ্যোগের সদস্য অ্যাডভোকেট আবুল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সৈয়দা মাসুমা বেগম এবং আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।