Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এক মাস পর চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ১০:৩৪ এ এম
এক মাস পর চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন

কর্মসূচিরত শিক্ষার্থীরা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যবিরোধী আন্দোলনের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে গতকাল বুধবার রাত ২টায় বিক্ষোভ মিছিল করেছে তারা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা।

এর আগে বুধবার দিবাগত রাতে চলমান আন্দোলন আরো বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে দুঃখজনকভাবে, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা রাত ২টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, বিগত দুই মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সব ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।এদিকে আজ চুয়েটের উপাচার্য ইস্যুতে বিকেল ৩টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাস পর আবারও শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)