নিজস্ব প্রতিবেদক
গাজীপুর থেকে যশোরে আসার পথে এক নারী ব্যবসায়ী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বোরকা ব্যবসায়ী ওই ভুক্তভোগী নারীকে রোববার বিকেলে অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এর আগে তিনি যশোর কোতোয়ালি থানায় এসে মৌখিকভাবে এই অভিযোগ জানান।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভুক্তভোগী নারীর বাড়ি গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায়। তিনি গাজীপুর এলাকায় পরিচিত এক ব্যক্তির সঙ্গে বোরকার ব্যবসা করেন। ওই নারীর দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি তার ওই পরিচিত ব্যক্তি এবং আরও দুই অপরিচিত ব্যক্তির সঙ্গে একটি প্রাইভেটকারে করে যশোরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে কোনো একটি অপরিচিত স্থানে নিয়ে ওই তিন ব্যক্তি তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে তিনি অভিযোগ করেছেন। পরে আজ রোববার ভোর ৫টার দিকে তাকে যশোরে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা কাজী বাবুল হোসেন আরও জানান, রোববার বিকেলে ওই নারী থানায় এসে বিষয়টি জানান। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।