নিজস্ব প্রতিবেদক
যশোরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাজাপ্রাপ্ত আলেয়া বেগম খুলনা সদরের বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে ও আবু তাহেরের স্ত্রী। বুধবার (১৩ মে) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের তপস্বীডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের একটি চৌকস দল বুধবার দুপুরে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনের রাস্তায় অবস্থান নেয়। এ সময় যশোরগামী ‘জাহিদ জেএন সুপার’ নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। বাসে থাকা যাত্রী আলেয়া বেগমের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। বিকেলে থানা পুলিশ আটক আলেয়া বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।