নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীদের ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া বহুলালোচিত ফারজানা ইয়াসমিন নিলার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত নিলা ঢাকার বনানী এলাকার বাসিন্দা মৃত এসএম ফরিদ উদ্দিনের মেয়ে এবং বরিশাল সদরের ব্যাংক কর্মকর্তা এমএ মজিদের স্ত্রী।
মামলার নথি থেকে জানা গেছে, যশোরের ‘এ টু জেড ট্রেডিং’-এর মালিক মোহাম্মদ আনিসুর রহমান খানের সাথে ব্যবসায়িক সূত্রে আসামি নিলার পরিচয় ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এলসি (LC) সুবিধা বন্ধ হয়ে গেলে, নিলা কৌশলে আনিসুর রহমানসহ আরও ৮ জন ব্যবসায়ীকে এলসি খুলে দেওয়ার প্রস্তাব দেন। তার আশ্বাসে বিশ্বাস করে ওই ৯ ব্যবসায়ী বিভিন্ন দফায় ১০ কোটি টাকা প্রদান করেন। তবে নিলা এলসি খুলতে ব্যর্থ হন এবং ব্যবসায়ীদের দেওয়া বিপুল পরিমাণ এই অর্থ আত্মসাৎ করেন।
অর্থ আত্মসাতের এই ঘটনায় আনিসুর রহমান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় নিলা ও তার প্রতিষ্ঠানের ম্যানেজারসহ মোট ৪ জনকে আসামি করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে নিলাকে গ্রেপ্তার করে যশোরের পুলিশ।
পরবর্তীতে গত ২৭ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই কামাল হোসেন আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আজ বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নিলার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের ধারণা, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের হদিস এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।