ধ্রুব ডেস্ক
সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ছবি: ফাইল
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বগুড়ায় সংগঠিত সহিংসতার অভিযোগে করা এক মামলায় তার এই জামিনের স্থগিতাদেশ হয়।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আগামী ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়।বদিকে ওই মামলায় অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি জামিন চেয়ে বদির করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তী জামিন দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান শুনানিতে ছিলেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, সহিংসতার অভিযোগে বগুড়ায় করা মামলায় আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনটি ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুসারে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ অন্যদের বিরুদ্ধে ওই মামলা করা হয়। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে তখন র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
প্রসঙ্গত, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনিও দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।