নিজস্ব প্রতিবেদক
মাত্র ২০০ গ্রাম হেরোইন বহন করার অপরাধে এস্কেন্দার নামে এক ব্যক্তির সারাজীবনের জন্য ঠাঁই হলো কারাগারে। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহীদুল ইসলাম এক রায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত এস্কেন্দার যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৭ সালের ৭ ডিসেম্বর। শার্শা থানার শহীদ মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সেখানে বাসের জন্য অপেক্ষারত এক ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে সন্দেহ তৈরি হয়। পুলিশ তাকে ধাওয়া করে ধরার পর তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করে মাত্র ২০০ গ্রাম হেরোইন।
এই ঘটনায় এসআই বাবুল আক্তার বাদী হয়ে মামলা করার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিলেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আইনজীবীরা বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কঠোর বিধানে মাদকের পরিমাণ কম হলেও তার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, এই রায় তারই প্রমাণ।