নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে যশোর শহরতলীর শেখহাটি পূর্বপাড়া গ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ও সন্ত্রাসী জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পলাতক জুয়েল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর হোসেন ওরফে আলম কাজীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখহাটি পূর্বপাড়া গ্রামের কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বাউন্ডারিঘেরা দোতলা বাড়ি ও পাশের টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বসতবাড়ির সঙ্গে সংযুক্ত একচালা টিনশেড রান্নাঘরের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারগানের গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। পলাতক জুয়েলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।