নিজস্ব প্রতিবেদক
তামার তার প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দশতলার বারান্দায় থাকা বৈদ্যুতিক ব্রেকারের বক্স থেকে তামার তার চুরির ঘটনায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তামা ও অ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক তারসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক মিজানুর রহমান মণিরামপুরের ঘুঘুরাইল গ্রামের পূর্বপাড়ার মৃত সোবহান গাজীর ছেলে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানার শহরের পোস্ট অফিসপাড়া তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় আদালতের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। পরদিন ৬ নভেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আদালতের কম্পাউন্ড ডিউটিতে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন আদালতের নাজিরকে ফোন করে দশতলায় বিদ্যুৎ সংযোগ না থাকার বিষয়টি জানান। পরে ইলেকট্রিশিয়ানসহ সেখানে গিয়ে দেখা যায়, ব্রেকারের বক্সের ভেতর থেকে মূল্যবান তামার তার কেটে নিয়ে গেছে চোরেরা। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। এর আগের দিনও একই বক্সের অন্য অংশ থেকে তামার তার চুরি হয়েছিল।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাদের নির্দেশে নাজির বিপ্লব হোসেন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি কোতয়াল থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার শহরের পোস্ট অফিস পাড়া থেকে মিজানুর রহমান ও ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে।
আটক মিজানুরের কাছ থেকে দুটি কাটিং প্লাস, একটি প্লাস, একটি স্ক্রু-ড্রাইভার, ১০ গজ তামার বৈদ্যুতিক তার এবং ৫ গজ অ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। বিকেলে আটক মিজানুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।