নিজস্ব প্রতিবেদক
নিহত শেখ আবু তালেব ছবি: ধ্রুব নিউজ
যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমিটি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা দূরসম্পর্কের আত্মীয় বলেও জানা গেছে।

হত্যাকান্ডে অভিযুক্ত শফিয়ার শেখ/ ছবি: ধ্রুব নিউজ
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।