নিজস্ব প্রতিবেদক
আটক বাবলু হোসেন ও সুজন শেখ ছবি: ধ্রুব নিউজ
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আলাদা অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে বাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক ও তার দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাবলু ওই এলাকার মোঃ আলতাফ বিশ্বাস ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
অপরদিকে, একই দিন বেলা আড়াইটার দিকে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সে ওই এলাকার মোঃ বাবু শেখ ও নাজমা খাতুনের ছেলে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সুজনকে ২০০ টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।