নিজস্ব প্রতিবেদক
যশোরে আলোচিত উদীচী হত্যাযজ্ঞের ২৭ বছর পূর্ণ হলেও আজ পর্যন্ত প্রকৃত দোষীদের শনাক্ত ও বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। এই বর্বরোচিত ঘটনার বিচারের দাবিতে আজ সকাল ১১টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে শহরের ঈদগাহ মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে এই মানববন্ধনে শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ মহাসম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। এই বর্বরোচিত হামলায় ১০ জন সাংস্কৃতিক কর্মী নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। ঘটনার ২৭ বছর পার হয়ে গেলেও আজও হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি এবং বিচার প্রক্রিয়াও ঝুলে আছে।
মানববন্ধন থেকে উদীচী মামলার পুনঃতদন্তের জন্য সরাসরি রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করা হয়। একইসঙ্গে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুসহ যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।