নিজস্ব প্রতিবেদক
যশোর ইন্সটিটিউট ছবি: পেনসিল স্কেচ
যশোরের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ‘যশোর ইনস্টিটিউট’ দীর্ঘ প্রতীক্ষার পর আবারও নির্বাচনী আমেজে মুখরিত হয়ে উঠছে। প্রতিষ্ঠানটির ২০২৬-২০২৯ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে এই বহুল প্রতিক্ষিত ভোটগ্রহণ।
গত ৩ মার্চ ২০২৬ তারিখে নির্বাচন বোর্ডের আহ্বায়ক ও যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ সময়সূচী জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গণনা শেষে ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রমের অন্যান্য তারিখগুলো নিম্নরূপ:
· সদস্য চাঁদা পরিশোধ: ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার), বিকেল ৩টা পর্যন্ত।
· প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ: ৯ মার্চ ২০২৬ (সোমবার), বিকেল ৩টা।
· চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ (বুধবার), বিকেল ৩টা থেকে রাত ৮টা।
· মনোনয়নপত্র সংগ্রহ ও জমা: ২৯ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬ (বিকেল ৩টা থেকে রাত ৮টা)।
· মনোনয়নপত্র বাছাই: ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
· প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬ (রবিবার), বিকেল ৩টা থেকে রাত ৮টা।
· প্রার্থিতা প্রত্যাহার: ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার), বিকেল ৩টা থেকে রাত ৮টা।
· চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার), বিকেল ৩টা থেকে রাত ৮টা।
নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যশোর ইনস্টিটিউট কার্যালয় থেকে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধি ও সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।