নিজস্ব প্রতিবেদক
যশোরে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— বেনাপোলের পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমান হবির ছেলে সুমন রহমান এবং শার্শার গোগা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুলের ছেলে রুহুল আমিন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত এই দুই আসামি পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আনিসুর রহমান পলাশ।
মামলার অভিযোগে জানা যায়, ২০২০ সালের ২৩ জুলাই শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোগা কলেজ রোড থেকে হরিশচন্দ্রপুরগামী সড়কের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে মোটরসাইকেলের হুকে ঝোলানো ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক সুমন রহমান ও রুহুল আমিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই আনোয়ারুল আজিম। মামলার তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন শার্শা থানার এসআই মোস্তাফিজুর রহমান।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। রায়ে প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত দুই আসামি বিচার চলাকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।