নিজস্ব প্রতিবেদক
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হাশেম ছবি: ধ্রুব নিউজ
ফেনসিডিলের মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার (২৫ নভেম্বর) যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান পলাশ।
দণ্ডিত হাশেম ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর ঝিকরগাছা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাজেরালী এলাকায় মহসিনের ইটভাটার সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাশেম ও একই উপজেলার পুরন্দরপুর গ্রামের কালামকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা আলাদা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওমর শরীফ বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১১ সালের ৭ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারি কর্মকর্তা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক।
মামলার বিচার চলাকালে অপর আসামি কালামের মৃত্যু হওয়ায় তার বিরুদ্ধে মামলার কার্যক্রম নিষ্পত্তি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হাশেমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।