Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২৪ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, লোডশেডিংয়ের শঙ্কা নেই

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৫:৫০ পিএম
২৪ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, লোডশেডিংয়ের শঙ্কা নেই

ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার দিবাগত রাত থেকে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকছে। নিয়মিত বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে টানা ২৪ দিন বন্ধ রাখা হবে এই ইউনিট। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানা গেছে। শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় এই সময়টাকে রক্ষণাবেক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে।

​ঢাকায় আদানি পাওয়ারের জনসংযোগ প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বনির্ধারিত রক্ষণাবেক্ষণ সূচি অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকার সময়ে ইউনিটটির বিভিন্ন যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা, পরিচর্যা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হবে। এ কাজের জন্য গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনুমোদন নেওয়া হয়।

​পিডিবির পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রেকর্ড করা হয় ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির কেন্দ্র থেকে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল। এ ছাড়া বুধবার দুপুর ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে, যখন সারাদেশে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

​খাতসংশ্লিষ্টদের মতে, শীতের আবহাওয়ায় বিদ্যুতের ব্যবহার কমে আসায় একটি ইউনিট বন্ধ থাকলেও সরবরাহ ব্যবস্থায় বড় কোনো চাপ পড়বে না বলে আশাবাদী পিডিবি। রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির বাকি ৮০০ মেগাওয়াট ক্ষমতার অপর ইউনিটটি নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যাবে।

​উল্লেখ্য, ভারতের ঝাড়খন্ডে গড়ে তোলা আদানির এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে সই হওয়া চুক্তি অনুযায়ী, আগামী ২৫ বছর এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ২০২৩ সালের এপ্রিলে এবং দ্বিতীয় ইউনিট থেকে একই বছরের জুনে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)