ধ্রুব নিউজ ডেস্ক
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত এক দিনে এই রোগে আক্রান্ত হয়ে আরও দুইজন মৃত্যুবরণ করেছেন এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে।
বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অপরজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
চলতি বছরের শুরু অর্থাৎ ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। এই সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।