ধ্রুব নিউজ ডেস্ক
মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার কয়েকজন প্রতিযোগী। মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার ফেসবুক ছবি: মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার ফেসবুক
দীর্ঘ সাত দশকের ইতিহাসে মিস ইউনিভার্স নানা সময়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তবে ২০২৩ সালে ইন্দোনেশিয়ার জাতীয় পর্যায়ের আসরে ঘটে যাওয়া একটি ঘটনা পুরো আয়োজনের নৈতিকতা, নিরাপত্তা এবং নারীর মর্যাদা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিল। কথিত ‘বডি চেক’-এর নামে প্রতিযোগীদের পোশাক খুলতে বাধ্য করা ও ছবি তোলার অভিযোগে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যার রেশ গড়ায় আন্তর্জাতিক অঙ্গনেও।
২০২৩ সালের ২৯ জুলাই থেকে ৩ আগস্ট জাকার্তায় মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার আসর বসে, যার লক্ষ্য ছিল মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিকে বেছে নেওয়া। গ্র্যান্ড ফিনালের ঠিক দুদিন আগে, ১ আগস্ট বিতর্কিত এই ঘটনার সূত্রপাত হয়।
প্রতিযোগীদের দাবি, শরীরে কোনো দাগ, ট্যাটু কিংবা সেলুলাইট আছে কি না, তা যাচাই করার কথা বলে তাঁদের একটি হোটেলের বলরুমে ডেকে নেওয়া হয়। অথচ এ ধরনের কোনো পরীক্ষা প্রতিযোগিতার নির্ধারিত সময়সূচিতে ছিল না। প্রতিযোগীদের ভাষ্য অনুযায়ী, সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২৪ জন ব্যক্তি, যাঁদের মধ্যে পুরুষও ছিলেন। ওই কক্ষে কয়েকজনকে অন্তর্বাস খুলতে বলা হয় এবং অন্তত পাঁচজন প্রতিযোগীর অভিযোগ, তাঁদের টপলেস অবস্থায় ছবি তোলা হয়েছিল।
হঠাৎ এমন নির্দেশে অনেক প্রতিযোগীই হতভম্ব হয়ে পড়েন বলে জানা যায়। আয়োজকদের সামনে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা তাঁদের জন্য সহজ ছিল না। এক প্রতিযোগী জানান, তাঁকে এমন কিছু ভঙ্গিতে দাঁড় করানো হয়েছিল, যা তাঁর কাছে চরম অপমানজনক ছিল। অনুমতি ও গোপনীয়তার তোয়াক্কা না করেই এই প্রক্রিয়া চালানো হয় বলে অভিযোগ ওঠে।
অভিযোগকারীদের পক্ষের আইনজীবী মেলিসা আংগ্রায়েনি ঘটনাটি নিয়ে কঠোর সমালোচনা করেন। তাঁর মতে, যে মঞ্চ নারীর আত্মবিশ্বাস ও মর্যাদা তুলে ধরার কথা বলে, সেখানেই প্রতিযোগীদের কেবল একটি বস্তু হিসেবে দেখা হয়েছে।
ঘটনা জানাজানি হওয়ার পর ২০২৩ সালের আগস্টেই একে একে পুলিশের শরণাপন্ন হন ভুক্তভোগী প্রতিযোগীরা। শুরুতে ছয়জনের অভিযোগ সামনে এলেও পরবর্তীতে দ্য জাকার্তা পোস্ট জানায়, আয়োজক সংস্থার সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট আটজন অভিযোগ দায়ের করেছেন। অনুমতি ছাড়া ছবি তোলা ও অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনায় দেশটির ২০২২ সালের যৌন সহিংসতা প্রতিরোধ আইনের অধীনে তদন্তের দাবি ওঠে।
জাকার্তা পুলিশ দ্রুত তদন্তে নামে। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং ভুক্তভোগীদের জবানবন্দি নেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়। মানসিকভাবে ভেঙে পড়া কয়েকজন প্রতিযোগীর জন্য মনঃসামাজিক সহায়তার ব্যবস্থাও করে পুলিশ।
দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মূল কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে কারাদণ্ডও ভোগ করতে হয়।