নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
যশোরে যৌতুকের দাবিতে নির্যাতন ও মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে স্ত্রী ইতি খাতুনকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের ছবর আলীর ছেলে নিহতের খালাতো ভাই মোহাম্মদ শরিফ বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামি নিহতের স্বামী শাহিন ইসলাম। তিনি পাবনার ঈশ্বরদী থানার বাশেরবাদা এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের ধর্মতলা এলাকার ভাড়া বাসিন্দা।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না তা প্রতিবেদনসহ আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসিকে।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ৫ মে শাহিন ও ইতির বিয়ে হয়। বিয়ের পর তারা যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধর্মতলা এলাকায় শিশু আদ্-দ্বীন হাসপাতালের পাশে সদর উদ্দিনের চারতলা ভবনের নিচতলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
বিয়ের তিন মাস না যেতেই শাহিন বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছে টাকা ও মোটরসাইকেল যৌতুক দাবি করতে থাকেন। এ নিয়ে স্ত্রী ইতির ওপর চাপ সৃষ্টি ও নির্যাতন করতে থাকেন। স্বামীর এসব নির্যাতন ও যৌতুক দাবির বিষয়টি ইতি তার প্রবাসী মাকে মোবাইল ফোনে জানিয়ে কান্নাকাটি করতেন।
গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১২টা ৫০ মিনিট থেকে রাত ২টার মধ্যে ভাড়া বাসার একটি কক্ষে দরজা বন্ধ করে আত্মহত্যা করেন ইতি। স্বামীর প্রত্যক্ষ প্ররোচনা ও মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন বলে মামলার বাদী উল্লেখ করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ মামলা না নেয়ায় তিনি আদালতে তিনি এ মামলা করেছেন।