নিজস্ব প্রতিবেদক
যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছবি: ধ্রুব নিউজ
যশোর : চাকরিতে ১০ম গ্রেডের পদে আবেদনের সুযোগ সবার জন্য উন্মুক্ত করার সুপারিশের প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে জড়ো হয়ে তারা এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি বুয়েট শিক্ষার্থীদের দাবির মুখে সংশ্লিষ্ট কমিটি ১০ম গ্রেডের চাকরিতে আবেদনের সুযোগ সবার জন্য উন্মুক্ত করার সুপারিশ করেছে। তারা দাবি করেন, এই সুপারিশ যদি বাস্তবায়িত হয়, তবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের কর্মসংস্থানের সুযোগ চরমভাবে সংকুচিত হবে এবং তারা বৈষম্যের শিকার হবেন।
সমাবেশে কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক এনামুল হোসেন বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী ১০ম গ্রেডের কারিগরি পদগুলোতে শুধুমাত্র পলিটেকনিকের ডিপ্লোমা ডিগ্রিধারীরাই আবেদন করার সুযোগ পান। এখন যদি সাধারণ শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হয়, তবে তা কারিগরি শিক্ষার্থীদের নায্য অধিকার হরণ করার শামিল।
তিনি অনতিবিলম্বে এই সুপারিশ বাতিল করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত স্বার্থ রক্ষার জোর দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাইদুজ্জামান সাবিদ, রাকিব ইসলাম পরাগ, শাওন হোসেন, সাজ্জাদ হোসেনসহ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।