ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় কলেজ ক্যাটাগরিতে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান এবং প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মোট ১৩টি নির্দিষ্ট ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে তাকে এই শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল— শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষার্থী ও সহকর্মীদের ওপর ইতিবাচক প্রভাব ও সহযোগিতা, চারিত্রিক দৃঢ়তা, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা। এছাড়াও অনলাইন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, পাঠ্যপুস্তক প্রণয়ন, গবেষণামূলক প্রকাশনা, আইসিটি দক্ষতা, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং সৃজনশীল উদ্যোগের মতো বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে।
অধ্যক্ষ সামছুর রহমান ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আবু তালেব সরদার ও মৃত সুন্দরী বেগমের কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
সামছুর রহমান ১৯৯৫ সালে ঝিকরগাছা মহিলা কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশা শুরু করেন। পরবর্তীতে ২০১৫ সালের ২০ আগস্ট তিনি বাঁকড়া ডিগ্রী (অনার্স) কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এরপর থেকেই তিনি কলেজটির একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে আসছেন।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যক্ষ সামছুর রহমান ২০১৯ সালে 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড' অর্জন করেন। ইতিপূর্বে ২০২২ সালেও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।
তার এই সাফল্যে বাঁকড়া ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ সামছুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সামনের দিনগুলোতে কলেজের মানোন্নয়নে আরও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।