অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আলহাজ্ শাহ্ জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. কামরুজ্জামান। উল্লেখ্য, পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মো. রকিবুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
সহকারী শিক্ষক তাজমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদায়ী শিক্ষক অসীম কুমার বিশ্বাস ও হাফিজুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী প্রমা রায়, জান্নাতুল মাওয়া ও রাকিব হাসান।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।