ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
ইংল্যান্ড সফরের মাঝে মাঠ ও মাঠের বাইরের নানা বিতর্ক আর চরম বিশৃঙ্খলা ঘিরে উত্তপ্ত পাকিস্তান ক্রিকেট দল। বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের ঠিক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত দলের বেশ কয়েকজন ক্রিকেটারের মুঠোফোন নিজেদের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
‘৩৬৫ নিউজ’-এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতেই খেলোয়াড়দের ফোন জমা নেওয়া হয়েছে। ম্যাচ শেষ হওয়ার আগে তারা এই ডিভাইসগুলো ফেরত পাবেন না।
তবে কেবল ফোন বাজেয়াপ্ত করাই শেষ নয়, শৃঙ্খলা ও ফিটনেস ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে ব্যাট না করা ওপেনার ইমাম-উল-হকের দিকে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ধারণা করা হচ্ছে, কাফ মাসলের এই চোট নাকি তিনি ইচ্ছা করেই নাটকীয়ভাবে সাজিয়েছিলেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা মিললে এই ব্যাটারকে সর্বোচ্চ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
প্রথম দুই ম্যাচে সফরকারীদের ভরাডুবির পর স্কোয়াডেও এসেছে বিশাল রিলডাউন। এক ধাক্কায় দলের সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠায় বোর্ড, যাদের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন সাতজনকে। এমনকি প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকেও বরখাস্ত করে দেশে পাঠাতে পিছপা হয়নি পিসিবি। শেষ টেস্টে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে মাইক হেসনকে এবং বোলিং কোচের দায়িত্ব সামলাবেন অ্যাশলে নফকে—যাঁরা মূলত পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে যুক্ত।
অস্থিরতা আর নাটকে ঘেরা এই সফরের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর তীব্র চাপে মাঠে নামবেন বাবর আজমরা। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে এই হাইভোল্টেজ টেস্ট ম্যাচটি।