ক্রীড়া ডেস্ক
প্রথম অধিনায়ক রাফিনহা এবং দ্বিতীয় অধিনায়ক হিসেবে পেদ্রির নাম ঘোষণা করেছে বার্সেলোনা ছবি: সংগৃহীত
জার্মান কোচ হান্সি ফ্লিকের হাত ধরে নেতৃত্ব কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনলো বার্সেলোনা। নতুন ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে কাতালান ক্লাবটি তাদের অধিনায়কত্বের নতুন তালিকা চূড়ান্ত করেছে। সেখানে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে মাত্র ১৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামালের নাম।
স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্য অনুযায়ী, সম্প্রতি মার্ক-আন্দ্রে টার স্টেগেন ও রোনাল্ড আরাউহো ক্লাব ছাড়ার পর বার্সেলোনার নেতৃত্ব পুনর্বিন্যাসের প্রয়োজন পড়ে। দলের এই নতুন রূপরেখা তৈরিতে প্রধান ভূমিকা রেখেছেন ফ্লিক নিজেই। জোয়ান গাম্পার ট্রফির আগেই তিনি নিজের পরিকল্পনার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার আগে সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল রাফিনিয়া, পেদ্রি ও এরিক গার্সিয়াকে।
পরবর্তীতে স্কোয়াড চূড়ান্ত হলে ড্রেসিংরুমে ফুটবলারদের নিজস্ব ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে কোচের সিদ্ধান্ত অনুযায়ীই ক্লাবের মূল ও দ্বিতীয় অধিনায়ক হিসেবে বহাল থাকেন যথাক্রমে রাফিনিয়া ও পেদ্রি। আর ভোটাভুটির ভিত্তিতে বাকি তিনটি পদের জন্য নির্বাচিত হন এরিক গার্সিয়া, ফ্রাঙ্কি ডি ইয়ং এবং লামিন ইয়ামাল।
বার্সেলোনার নতুন ৫ অধিনায়ক
প্রথম অধিনায়ক: রাফিনিয়া
দ্বিতীয় অধিনায়ক: পেদ্রি
তৃতীয় অধিনায়ক: এরিক গার্সিয়া
চতুর্থ অধিনায়ক: ফ্রাঙ্কি ডি ইয়ং
পঞ্চম অধিনায়ক: লামিন ইয়ামাল
অধিনায়কত্বের এই তালিকায় এরিক গার্সিয়ার অন্তর্ভুক্তি স্বাভাবিকভাবেই দেখা হচ্ছে। মাঠে শৃঙ্খলাপরায়ণতা ও দারুণ নিবেদনের কারণে ড্রেসিংরুমে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যদিকে জ্যেষ্ঠতার বিচারে ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের থাকাটা প্রত্যাশিতই ছিল; টার স্টেগেন বিদায় নেওয়ার পর অভিজ্ঞতার নিরিখে ক্লাবের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য এখন এই ডাচ মিডফিল্ডার।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইয়ামালের অন্তর্ভুক্তি। কাতালানদের নতুন ‘১০ নম্বর’ জার্সি পরা এই তরুণ ফরোয়ার্ডের উত্থান জ্যেষ্ঠতা দিয়ে নয়, বরং মাঠে তার অভাবনীয় প্রভাবের কারণে। ফ্লিকের স্কোয়াডে ইতিমধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছেন তিনি। নেতৃত্বের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, বার্সেলোনা কেবল বয়সের খাতায় নজর না দিয়ে মাঠের পারফরম্যান্স ও প্রভাবকেও সমান গুরুত্ব দিচ্ছে। মাত্র ১৯ বছর বয়সে অধিনায়কদের তালিকায় জায়গা পাওয়া সাহসী পদক্ষেপ হলেও, তা ইয়ামালের অসাধারণ প্রতিভা ও মাঠের দূরদর্শিতারই আনুষ্ঠানিক স্বীকৃতি।