ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
ইউএফসি ট্র্যাকে নতুন ইতিহাস লিখলেন ইসলাম মাকাশেভ। সাম্প্রতিক হাই-ভোল্টেজ লড়াইয়ে আয়ারল্যান্ডের ইয়ান গ্যারিকে ‘ইউন্যানিমাস ডিসিশন’-এ হারিয়ে টানা ১৭তম জয়ের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন এই দাগেস্তানি ফাইটার। এর মাধ্যমে ইউএফসি কিংবদন্তি অ্যান্ডারসন সিলভার টানা ১৬ জয়ের দীর্ঘদিনের রেকর্ডটি ভেঙে এখন এককভাবে সর্বকালের সেরা তালিকার শীর্ষ পাঁচে নিজের নাম শক্তভাবে জানান দিলেন তিনি।
লাইটওয়েট ক্যাটাগরি থেকে ওয়েল্টারওয়েটে এসে এই জয় মাকাশেভের জন্য মোটেই সহজ ছিল না। পাঁচ রাউন্ডের এই লড়াইয়ে গ্যারির কাছ থেকে জোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছে তাকে। ম্যাচের প্রথমার্ধে ইসলামের পূর্ণ আধিপত্য দেখা যায়—প্রথম রাউন্ডেই নিখুঁত টেকডাউনের পর বেশিরভাগ সময় নিজের নিয়ন্ত্রণে রাখেন তিনি। দ্বিতীয় রাউন্ডে মাকাশেভের চমৎকার একটি হেডকিকে গ্যারি নকডাউন হলে সেখানেও নিজের শক্ত অবস্থান বজায় রাখেন। তবে তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান গ্যারি; বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাইক হাঁকিয়ে কিছুটা ক্লান্ত মাকাশেভকে ব্যাকফুটে ঠেলে দেন। চতুর্থ রাউন্ডে ইসলাম লড়াই নিজের নিয়ন্ত্রণে ফেরাতে পারলেও গ্যারির পাল্টা আঘাতে তার মুখে ব্রুজ ও ফেসিয়াল ড্যামেজ স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে পরিষ্কার জয় নিয়ে মাঠ ছাড়েন মাকাশেভ। বিজয়ী ঘোষণার পর গ্যারি নিজেই মাকাশেভের হাত তুলে ধরে সেই জয়কে সম্মান জানান।
ম্যাচে মাকাশেভ জিতলেও লাইটওয়েটের মতো একচেটিয়া আধিপত্য এখানে বিস্তার করা সম্ভব হয়নি। গ্যারির শারীরিক গঠন ও বেশি রিচ-এর কারণে স্ট্রাইকিং পর্বে ইসলামকে বেশ সতর্ক থাকতে হয়েছে। তবে নিজের এলিট গ্র্যাপলিং ও রেসলিং স্কিল দিয়ে গ্যারির প্রতিরোধ অনেকটাই ভেঙে দেন তিনি। অন্যদিকে, মাত্র ২৮ বছর বয়সী ইয়ান গ্যারি ফিনিশ না হয়ে শেষ রাউন্ড পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রতিপক্ষের প্রতি তার প্রদর্শন করা স্পোর্টসম্যানশিপও প্রশংসিত হচ্ছে।
এই জয়ের পর মাকাশেভের সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওয়েল্টারওয়েট ডিভিশনে ওয়ান-শট-নকআউট পাওয়ার থাকা শ্যাভকাত রাখমোনোভ কিংবা মাইকেল মোরালেসের মতো তুলনামূলক ভারী ও বিস্ফোরক ফাইটারদের বিরুদ্ধে মাকাশেভ কীভাবে লড়াই সামলান, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। অন্যদিকে, ৩৪ বছর বয়সী এই গ্রেট ফাইটারের ক্যারিয়ারের ইতি টানার সময়ও ঘনিয়ে আসছে। ইনজুরি ও শারিরীক ক্ষয় বিবেচনা করলে হয়তো আর মাত্র একটি বা দুটি ফাইটে তাকে রিংয়ে দেখা যেতে পারে। তাই এমএমএ ভক্তদের জন্য মাকাশেভের প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত মূল্যবান।
বিশ্বসেরা ফাইটিং লড়াইয়ের এই উত্তেজনার মধ্যেই নজর এখন আগামী ২৯ তারিখের দিকে, যেখানে নিজের বহুল প্রতীক্ষিত ইউএফসি ডেবিউ ম্যাচে রিংয়ে নামতে যাচ্ছেন আরেক তারকা উসমান নুরমাগোমেদভ।