ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে যশোরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন।
মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানি পশ্চিমপাড়ার মুন্সিবাড়ির সন্তান। তিনি দীর্ঘদিন শ্রীরামপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষকতা ও সামাজিক-ধর্মীয় কাজ এবং ইসলামি মূল্যবোধ প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। সর্বজনশ্রদ্ধেয় এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় লাউজানি এলাকায় নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আলেম-ওলামা, শিক্ষার্থী, স্বজন ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মরহুমের পরিবার ও সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।