ক্রীড়া ডেস্ক
মোহাম্মেদ সালাহ-কে রাজকীয় সংবর্ধনায় বরণ করে নেয় ট্রাবজোনস্পোর কতৃপক্ষ ও সমর্থকরা ছবি: রয়টার্স
ইউরোপীয় ফুটবলের দলবদল বাজারে নতুন এক ইতিহাসের সাক্ষী হলো তুরস্ক। মিশরীয় ফরোয়ার্ড ও জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ এখন তুর্কি পরাশক্তি ট্রাবজোনস্পোরের অংশ হতে যাচ্ছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুক্তি চূড়ান্ত করে বুধবারই ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে পা রেখেছেন মিশরের এই তারকা ফুটবলার।
লাল-নীল জার্সি গায়ে বিমানবন্দর থেকে বের হতেই হাজার হাজার সমর্থক লালগালিচা সংবর্ধনায় বরণ করে নেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। সমর্থকদের ভালোবাসার জবাবে হাত নাড়ার পাশাপাশি সালাহ মেতে ওঠেন ট্রাবজোনস্পোরের ঐতিহ্যবাহী স্লোগানে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ক্লাবের অফিসিয়াল আইডি এবং বার্তা সংস্থা 'ফোটোমাক'-এর প্রকাশিত ভিডিওতে সালাহকে বলতে শোনা যায়, "পুরো বিশ্ব এখন ট্রাবজোনস্পোরময়! ব্লাক সি-র সমর্থকদের গর্জন শুনতে আমি মুখিয়ে আছি।"
প্রাথমিক পর্ব শেষে স্বাস্থ্যপরীক্ষার জন্য বিমানবন্দর ত্যাগ করেন সালাহ। এরপর তার পরবর্তী গন্তব্য ব্ল্যাক সি তীরবর্তী শহর ট্রাবজোন।
সালাহকে দলে নেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আগেই নিশ্চিত করেছিল ক্লাব কর্তৃপক্ষ। ট্রাবজোনস্পোরের চেয়ারম্যান এরতুগ্রুল দোগান জানান, ফ্রি ট্রান্সফারে যুক্ত হওয়া এই মিশরীয় তারকাকে বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে।
স্থানীয় গণমাধ্যমের মতে, ক্লাবের সঙ্গে সালাহের দুই বছরের চুক্তি হতে যাচ্ছে, যা তুর্কি সুপার লিগের ফুটবল ইতিহাসে অন্যতম বড় ঘটনা। চুক্তির আর্থিক কিংবা অন্যান্য বিষয় গোপন থাকলেও ২০২১-২২ মৌসুমের পর পুনরায় লিগ শিরোপা পুনরুদ্ধার এবং ইউরোপীয় মঞ্চে প্রভাব বিস্তারে সালাহকে বড় ট্রাম্পকার্ড মনে করছে ক্লাবটি। এর আগে তুর্কি আরেক ক্লাব বেসিকতাসের সঙ্গে সালাহের বেতন ও ইমেজ-রাইটস সংক্রান্ত আলোচনা ভেস্তে গেলে সুযোগটি লুফে নেয় ট্রাবজোনস্পোর।