ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের হেড কোচের দায়িত্ব নিয়েছেন জিনেদিন জিদান ছবি: গেটি ইমেজেস
দীর্ঘ ১৪ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনে দিদিয়ের দেশম বিদায় নেওয়ার পর ফরাসি ফুটবলের নতুন কান্ডারি হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। জিজুকে কোচ হিসেবে পেয়ে যেন নতুন করে স্বপ্ন বুনছে পুরো ফ্রান্স; সমর্থকদের প্রবল প্রত্যাশা, তার জাদুকরী ছোঁয়ায় বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট আবারও ফিরে পাবে দলটি। আর এই নতুন অধ্যায় ঘিরে ফরাসিদের উন্মাদনার প্রমাণ মিলল হাতেনাতে। আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে ইতালির বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন জিদান। ফরাসি ফুটবল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামের ৮০ হাজার ধারণক্ষমতার এই ম্যাচের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে!
অবশ্য জাতীয় দলের কোচের হটসিটে জিদানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর, তুরস্কের মাটিতে নেশনস লিগের অ্যাওয়ে ম্যাচ দিয়ে। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে তাদেরই মাঠে দ্বিতীয় ম্যাচে শিষ্যদের নিয়ে মাঠে নামবেন তিনি। তবে ফরাসি সমর্থকদের সবটুকু রোমাঞ্চ যেন তোলা আছে ঘরের মাটিতে জিদানের প্রথম ম্যাচটিকে ঘিরে। ২ অক্টোবর প্যারিসে ইতালির বিপক্ষে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তাই হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা। ইতালির বাধা পেরোনোর পর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামবে ফরাসিরা। জনপ্রিয় ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, সেই ম্যাচের টিকিটের চাহিদাও আকাশচুম্বী; প্রথম ক্যাটাগরির সামান্য কিছু টিকিট ছাড়া বাকি সব এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। সব মিলিয়ে জিদানকে ঘিরে ফরাসি ফুটবলে যে নতুন জোয়ার এসেছে, তা বলার আর অপেক্ষা রাখে না!