ক্রীড়া ডেস্ক
নিজের ফিফা অফিসিয়াল রেপ্লিকা বিশ্বকাপ ট্রফিটি বিক্রি করেছেন বেঞ্জামিন মেন্দি ছবি: সংগৃহীত
যেকোনো ফুটবলারের কাছে বিশ্বকাপ জয় ক্যারিয়ারের সবচেয়ে আরাধ্য স্বপ্ন এবং পরম গর্বের বিষয়। কিন্তু ২০১৮ সালে ফ্রান্সের হয়ে সেই সোনালী অধ্যায় রচনা করা লেফট-ব্যাক বেঞ্জামিন মেন্দি যেন এই অর্জনের কোনো তোয়াক্কাই করছেন না! সম্প্রতি ফিফা প্রদত্ত নিজের বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল রেপ্লিকাটি বিক্রি করে দিয়ে রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ৩২ বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডার। ক্যারিয়ারের এমন এক ঐতিহাসিক ও সম্মানজনক স্মারক অর্থের বিনিময়ে হাতছাড়া করায় ফুটবল বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রীড়া সংবাদমাধ্যমগুলোও মেন্দির এমন কাণ্ডে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, চারপাশের এই নেতিবাচক চর্চা মোটেও গায়ে মাখছেন না মেন্দি। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে এক বার্তায় সমালোচকদের রীতিমতো তুলোধুনো করেছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম 'আরএমসি'-এর প্রতিবেদন অনুযায়ী, নিজের কাজের সপক্ষে যুক্তি দিতে গিয়ে বেশ উদ্ধত ও ব্যঙ্গাত্মক সুর শোনা গেছে মেন্দির কণ্ঠে। সমালোচনাকারীদের একহাত নিয়ে এই ফরাসি তারকা কড়া ভাষায় বলেন, "এই ট্রফিটা কি আপনাদের, নাকি আমার? যেহেতু এটা একান্তই আমার ব্যক্তিগত সম্পত্তি, তাই এই ট্রফি নিয়ে আমি কী করব বা করব না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও কেবল আমারই।" তবে এখানেই ক্ষান্ত হননি তিনি। একধাপ এগিয়ে তাচ্ছিল্যের সুরে মেন্দি আরও যোগ করেন, "তাছাড়া, আলমারির ভেতর এমনিতেই অনেকটা জায়গা অযথা দখল করে পড়ে ছিল ফালতু এই ট্রফিটা!" তার এমন দাম্ভিক মন্তব্যের পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে বিতর্ক আরও উসকে গেছে। বিশ্বজয়ের মতো এমন মহৎ এক অর্জনকে একজন পেশাদার ফুটবলার কতটা অবলীলায় তাচ্ছিল্য করতে পারেন, মেন্দির এই কাণ্ড ক্রীড়াঙ্গনে তারই এক নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে রইল।