ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
বিশ্বকাপের খেলাকে কেন্দ্র করে তরুণকে কুপিয়ে জখম ছবি: ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনিয়ালী গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় বাঁশি চাওয়াকে কেন্দ্র করে তানভীর হোসেন (১৮) নামে এক তরুণকে ধারালো বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের বাবা শওকত আলী বাদী হয়ে একই গ্রামের আব্দুল করিমের ছেলে হাসান আলী (১৯)-এর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে বেনিয়ালী বাজারে স্থানীয়দের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখছিলেন তানভীর হোসেন। খেলা চলাকালে তার কাছে থাকা একটি বাঁশি অভিযুক্ত হাসান আলী চাইলে তানভীর তা দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে হাসান ক্ষিপ্ত হয়ে তানভীরকে উদ্দেশ্য করে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা বলে এবং সেখানেই তাকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এরই জের ধরে বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তানভীর বেনিয়ালী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হাসানের বাড়ির সামনের সড়কে পৌঁছালে হাসান পেছন থেকে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় সে তানভীরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে সঙ্গে থাকা ধারালো বার্মিজ চাকু দিয়ে তানভীরের বুকে আঘাত করার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য হাত দিয়ে ঠেকাতে গেলে চাকুর আঘাতে তার বাম কান এবং মাথার একাংশ কেটে যায়। এছাড়া মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখম ও নীল ফোলা দাগের সৃষ্টি হয়।
তানভীরের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা টিপু হোসেন, ইয়াছিন আলীসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত হাসান উপস্থিত সাক্ষীদের সামনেই তানভীরকে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত তানভীরকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।