ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে নিজেদের ফুটবল ইতিহাসের এক রূপকথা লিখল আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে এশিয়ার শক্তিশালী দল সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে তারা। এই ড্রয়ের মাধ্যমে ‘এইচ’ গ্রুপ থেকে রানার্স-আপ হিসেবে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে আফ্রিকান ব্লু শার্কসরা। এই নকআউটের মঞ্চেই কেপ ভার্দের জন্য অপেক্ষা করছে এক পর্বতসমান চ্যালেঞ্জ। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শনিবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের শুরুতেই ৩ মিনিটে হলুদ কার্ড দেখেন সৌদির সৌদ আবদুলহামিদ এবং ৮ম মিনিটে কার্ড দেখেন কেপ ভার্দের ওয়াগনার পিনা। ৩২ মিনিটে সৌদির ডিফেন্ডার হাসান আল তামবাক্তি ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে কিছুটা ধাক্কা খায় এশিয়ান পরাশক্তিরা। ৪৬ মিনিটে সৌদির মোহাম্মদ কান্নোর হেড কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা রুখে দিলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে লড়ে দুই দলই। ৪৭ মিনিটে কেপ ভার্দের জামিরো মন্তেইরোর শট ঠেকিয়ে দেন সৌদির গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। এর কিছুক্ষণ পর ৬৬ মিনিটে সৌদির মোহাম্মদ আবু আল শামাতের জোরালো শটও রুখে দেন কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা। ৭৪ মিনিটে লারোস দুয়ার্তের নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করে সৌদির ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক আল ওয়াইস। ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে আবদুল্লাহ আল হামদ্দান সহজ সুযোগ মিস করেন। শেষ বাঁশি বাজার সাথে সাথেই ইতিহাস গড়ার উল্লাসে মাতে কেপ ভার্দে।
গ্রুপ পর্বের ৩ ম্যাচেই অপরাজিত থেকে নকআউট নিশ্চিত করেছে কেপ ভার্দে। এই গ্রুপের অন্য ম্যাচে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ৩ ম্যাচের দুইটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে পা রেখেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। আর তাদের পেছনে ফেলে দ্বিতীয় দল হিসেবে শেষ বত্রিশে নাম লেখাল কেপ ভার্দে।